চিপ সঙ্কট মেটাতে জাপানে সনি ও টিএসএমসির যৌথ কারখানা

১০ নভেম্বর, ২০২১ ০১:৫৯  
সনি এবং সিএসএমসি যৌথভাবে চিপ তৈরি করতে যাচ্ছে এমন গুঁজবই অবশেষে সত্যি হলো। নিক্কেই জানিয়েছে, জাপানের কুমামোতোতে একটি সেমিকন্ডাক্টর চিপ তৈরির কারখানা বানাতে জোটবদ্ধ হয়েছে উভয় প্রতিষ্ঠান। এখানে বিশেষায়িত চিপের জন্য বিশ্বব্যাপী যে চাহিদা রয়েছে সেটি কিছুটা পূরণে ভূমিকা রাখতে পারবে। খবর রয়টার্স। খবরে বলা হয়, গাড়ি নির্মাতা থেকে শুরু করে ফোন ব্র্যান্ডগুলো সকলেই চিপ সঙ্কটে ভুগছে। সেই বিষয়টিকে মাথায় রেখে এই কারখানা তৈরি করা হচ্ছে। এই চুক্তির ফলে জাপানে একটি অঙ্গ-প্রতিষ্ঠান তৈরি করছে টিএসএমসি। জাপান অ্যাডভান্সড সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং নামের এই প্রতিষ্ঠানে প্রায় ৫০০ মিলিয়ন ডলারের শেয়ার থাকছে। এই কারখানা ৫ ন্যানোমিটার কিংবা ছোট প্রসেসরের মতো অধ্যাধুনিক চিপসেট নিয়ে কাজ করবে না। এর পরিবর্তে ২২ ন্যানোমিটার ও ২৮ ন্যানোমিটার পার্টসের কাজ করবে কোম্পানিটি। ২০২২ সালের কোনো এক সময়ে সনি এবং টিএসএমসির কারখানা তৈরির কাজ শুরু হবে। ফলে ২০২৪ এর আগে এই কারখানা থেকে উৎপাদন শুরু হওয়ার সম্ভাবনা কম। ডিবিটেক/বিএমটি